November 5, 2026, 3:02 pm

সিলেট মহানগর জামায়াতের রুকন সম্মেলন

Reporter Name

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর এ.টি.এম আজহারুল ইসলাম এমপি বলেছেন, জামায়াত দায়িত্বশীলদের আত্মশুদ্ধি, শৃঙ্খলা, ত্যাগ ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। নিয়মিত সাংগঠনিক চর্চা, দাওয়াতি কার্যক্রম এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে কর্মীদের মধ্যে গতি, উদ্যম ও দায়িত্ববোধ বাড়াতে হবে। আমাদেরকে ব্যক্তিজীবন থেকে শুরু করে পারিবারিক জীবন ও সামাজিক কর্মকাণ্ডে ইসলামের আদর্শ অনুসরণের মাধ্যমে কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে হবে। তাহলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ নিশ্চিত করা সম্ভব।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার কারণে দেশে ফের গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। বিগত সংসদ নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে জামায়াতকে ভোট প্রদান করেছে। কিন্তু দেশী-বিদেশী ষড়যন্ত্র ও ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে। জনগণ বর্তমান সংসদের বিরোধী দল ও আদর্শিক দল হিসেবে জামায়াতের নেতৃত্বের অপেক্ষার প্রহর গুণছে। এ বিষয়টি মাথায় রেখে জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে আমাদেরকে জনগণের পক্ষে কথা বলতে হবে। এক্ষেত্রে কোন আপস চলবেনা। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্বপ্ন পূরণে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। দেশে নতুন ফ্যাসিবাদ ঠেকাতে ও আগামী দিনের যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ করতে জামায়াত দায়িত্বশীলদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে।

তিনি গতকাল শনিবার সকালে সিলেট মহানগর জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সম্মেলনে সিলেট মহানগরীর আওতাধিন সকল রুকন অংশ নেন।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় নগরীর রিকাবীবাজারস্থ এম. সাইফুর রহমান অডিটরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান এবং সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আবদুল হাই হারুন। দারসুল কুরআন পেশ করেন মধ্যপ্রাচ্য জামায়াতের দায়িত্বশীল মাওলানা আব্দুস সোবহান আজাদ।

বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ ও ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন।-বিজ্ঞপ্তি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা