
নোয়াগাঁও মাদ্রাসার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান প্রশস্তকরণের উদ্যোগে নতুন আশার সঞ্চার হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য জবান কলিম উদ্দিন আহমেদ মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
সম্প্রতি এমপির বাসভবনে অনুষ্ঠিত এ গুরুত্বপূর্ণ বৈঠকে ঈদগাহের বর্তমান সীমাবদ্ধতা এবং ক্রমবর্ধমান মুসল্লিদের জন্য জায়গা সংকটের বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরা হয়। ঈদের জামাতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কারণে সৃষ্ট ভোগান্তির কথা উল্লেখ করে মাঠটি দ্রুত প্রশস্ত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন কমিটির সদস্যরা।
এ সময় পরিচালনা কমিটির পক্ষ থেকে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ও দাবি তুলে ধরে একটি লিখিত স্মারকলিপি এবং অনুদানের আবেদন এমপির কাছে পেশ করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির বিশিষ্ট সদস্যবৃন্দ মুহাম্মদ এস জামান, মুহাম্মদ ফজলু মিয়া, মুহাম্মদ জাহেদ আহমেদ, মুহাম্মদ লিলু মিয়া, মুহাম্মদ বাবুল মেম্বার, আলহাজ্ব নবী হোসেন, আলহাজ্ব সুরত আহমদ, আলহাজ্ব বুলবুল আহমেদ।
বৈঠক শেষে প্রতিনিধি দল জানায়, সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন অত্যন্ত গুরুত্বের সঙ্গে তাদের বক্তব্য শুনেছেন। তিনি ঈদগাহ প্রশস্তকরণের বিষয়ে পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং প্রয়োজনীয় অনুদান ও সরকারি সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।
এমপির এমন ইতিবাচক আশ্বাসে স্থানীয়দের মধ্যে আনন্দের জোয়ার বইছে। এলাকাবাসী আশা করছে, দ্রুতই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে এবং আগামী ঈদগুলোতে মুসল্লিরা আরও প্রশস্ত, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে নামাজ আদায় করতে পারবেন।
ঈদগাহ পরিচালনা কমিটি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করেছে যে, সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতায় এই উদ্যোগ শিগগিরই বাস্তব রূপ পাবে এবং এলাকার ধর্মীয় ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।