November 5, 2026, 2:21 pm

ছাতকে মশাল জ্বালিয়ে সরকারবিরোধী স্লোগান দেওয়ার সময় নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:মুহাম্মদ জানে আলম

সুনামগঞ্জের ছাতকে মশাল জ্বালিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ২৫ অক্টোবর (রবিবার) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন, পিপিএম-এর দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মোঃ শরিফুল ইসলাম ও এএসআই আমিরুল ইসলামসহ পুলিশের একটি বিশেষ টিম এলাকায় অভিযানে নামে। আজ ২৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১:০০ ঘটিকার সময় ছাতক থানাধীন ভূঁইগাঁও গ্রামের ‘বুকেরভাঙ্গা’ নামক স্থানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী মশাল জ্বালিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উসকানিমূলক স্লোগান দিচ্ছিল।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে দুই সক্রিয় সদস্যকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন:

১. রুমেল আহমেদ রুবেল (২৪): পিতা- মৃত আব্দুল জব্বার, মাতা- রেজিয়া বেগম। স্থায়ী ঠিকানা: গ্রাম- সাইদনাপুর, থানা- বিয়ানীবাজার, জেলা- সিলেট। বর্তমান ঠিকানা: জল্লারপার, জিন্দাবাজার, থানা- কোতয়ালী, জেলা- সিলেট।

২. সুমন আহমদ (২৮): পিতা- আব্বাস আলী, মাতা- রেসিনা বেগম। স্থায়ী ঠিকানা: গ্রাম- সরমঙ্গল, থানা- দিরাই, জেলা- সুনামগঞ্জ। বর্তমান ঠিকানা: শেখঘাট, থানা- কোতয়ালী, জেলা- সিলেট।

ছাতক থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে গত ৯ আগস্ট ২০২৬ তারিখে ছাতক থানায় দায়ের করা একটি নিয়মিত মামলা রয়েছে (এফআইআর নং-১৬, জি আর নং-২৩৫, ধারা: ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭ পেনাল কোড, তৎসহ ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২)। উক্ত মামলায় গ্রেফতার দেখিয়ে আজ দুপুরের দিকে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে থানা প্রশাসন নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা