November 4, 2026, 1:04 pm

দিরাই প্রেসক্লাবের উদ্যোগে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা ২১ নভেম্বর

​নিজস্ব প্রতিবেদক:

শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় উৎসাহ প্রদান এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এবারও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে দিরাই প্রেসক্লাব। আগামী ২১ নভেম্বর (সম্ভাব্য) এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে পৌর শহরের জালাল সিটি সেন্টারে দিরাই রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত দিরাই প্রেসক্লাবের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

​প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমরান হোসাইনের সঞ্চালনায় সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মেধাবৃত্তি পরীক্ষা আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​

সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন— সহসভাপতি শাহজাহান মাহমুদ হেলাল, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, কোষাধ্যক্ষ সৈয়দুর রহমান তালুকদার, যুগ্ম সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জীবন সূত্রধর।

​এ ছাড়া নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে সোয়েব হাসান, মোশাহিদ আহমদ, আবু হানিফ চৌধুরী, তোফায়েল চৌধুরী ও প্রশান্ত সাগর দাশ এবং সাধারণ সদস্যদের মধ্যে পাবেল হাসান,আহমেদ হেলাল, রায়হান মিয়া ও আশরাফ উদ্দিনসহ অন্যান্যরা সভায় উপস্থিত ছিলেন।

​সভায় বক্তারা বলেন, ‘শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে এবং নিজেদের যোগ্যতা প্রমাণে গভীরভাবে অনুপ্রাণিত করবে।’ শিক্ষার প্রসার ও সমাজকল্যাণে দিরাই প্রেসক্লাবের এ ধরনের গঠনমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা