
দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি টিপু সুলতানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুরে দিরাই থানা রোডস্থ জালাল সিটির কনফারেন্স রুমে দিরাই প্রেসক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করে।
দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরান হোসাইনের সঞ্চালনায় স্মরণসভায় জ্যেষ্ঠ সাংবাদিক, শিক্ষাবিদ, উপজেলা ও জেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
স্মরণসভায় প্রধান অতিথির স্মৃতিচারণমূলক বক্তব্যে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী বলেন, মরহুম টিপু সুলতান বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন। সমাজ ও মানুষের কল্যাণে তাঁর অবদান স্থানীয় লেখনীতে সর্বদা ফুটে উঠেছে।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, দিরাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুদ্র মিজানসহ অন্যান্য অতিথিরা। স্মৃতিচারণ পর্বে মরহুম টিপু সুলতানের দুই সন্তান তাঁদের বাবার কর্মময় জীবন ও স্মৃতি তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন।
বক্তারা বলেন, টিপু সুলতান ছিলেন দিরাইয়ের সাংবাদিকতা অঙ্গনের অত্যন্ত জনপ্রিয় ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। সত্য ও ন্যায়ের পক্ষে তাঁর বলিষ্ঠ কণ্ঠস্বর তরুণ সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে মরহুম টিপু সুলতানের বিদেহী আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয়।