November 6, 2026, 4:14 pm

মাদ্রাসা বাজারে কোটি টাকার কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের মাদ্রাসা বাজারে প্রায় কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ অক্টোবর ২০২৬ খ্রি. রোজ শনিবার সকাল ১১:৩০ ঘটিকায় মাদ্রাসা বাজারে এই সভাটি অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা বাজার কমিটি এবং ইসলামপুর ইউনিয়নের যুব ও সমাজ কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট সমাজসেবক ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো: বাবুল মিয়া। তিনি তার বক্তব্যে বলেন, “মাদ্রাসা বাজার ও আশেপাশের এলাকার সামাজিক, সাংস্কৃতিক এবং পারিবারিক অনুষ্ঠানগুলো সুন্দরভাবে সম্পন্ন করার জন্য একটি সুনির্দিষ্ট কমিউনিটি সেন্টার দীর্ঘদিনের দাবি। প্রায় কোটি টাকার এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে অত্র এলাকার সামগ্রিক চিত্রের আমূল পরিবর্তন ঘটবে।” তিনি এই স্বপ্নের প্রকল্প বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় প্রকল্পের অর্থনৈতিক কাঠামো ও মালিকানা নিয়ে প্রাথমিক ধারণা দেওয়া হয়। তবে শেয়ার হোল্ডারদের মাঝে কীভাবে অংশীদারিত্ব বিতরণ করা হবে এবং লভ্যাংশের বন্টন প্রক্রিয়া কেমন হবে—এসব গুরুত্বপূর্ণ ও প্রাতিষ্ঠানিক বিষয়ে আগামী সাধারণ সভায় বিস্তারিত আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

সভায় উপস্থিত বক্তারা এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই প্রকল্পটি সফল হলে এলাকার সর্বস্তরের মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবেন এবং ইসলামপুর ইউনিয়নের উন্নয়ন আরও এক ধাপ এগিয়ে যাবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাদ্রাসা বাজার ও যুব ও সমাজ কল্যাণ সংস্থার সার্বিক কল্যাণ, এলাকার উন্নয়ন এবং কোটি টাকার এই কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগটি যেন দ্রুত ও সফলভাবে সম্পন্ন হয়—সেই প্রার্থনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন যুব ও সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি আলহাজ্ব আতিক হোসেন।

সভায় মাদ্রাসা বাজার কমিটির নেতৃবৃন্দ, যুব ও সমাজ কল্যাণ সংস্থার সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা