November 7, 2026, 5:34 pm

নিউইয়র্কের পর এবার ফ্লোরিডায় অপূর্বর কনসার্ট

Reporter Name

অভিনয়ের ব্যস্ততা কমিয়ে এখন গানে মন দিয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। গত আগস্টে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয় তাঁর প্রথম একক সংগীতানুষ্ঠান। নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’ শিরোনামের সেই কনসার্টে প্রায় দুই ঘণ্টা গান ও গল্পে দর্শকদের মাতিয়ে রাখেন তিনি। নিউইয়র্কের সফল আয়োজনের পর এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কনসার্ট করতে যাচ্ছেন অপূর্ব।

নিউইয়র্কে নিজের প্রথম কনসার্টে অপূর্ব শুনিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের ‘এই রাত তোমার আমার’, সোলস ব্যান্ডের ‘মন শুধু মন ছুঁয়েছে’ ও ‘কেন এই নিঃসঙ্গতা’; বাপ্পা মজুমদারের ‘দিন বাড়ি যায়’; ফিডব্যাক ব্যান্ডের ‘মৌসুমী’; নগর বাউল জেমসের ‘বাবা’সহ বেশ কিছু জনপ্রিয় গান।

প্রথম অনুষ্ঠান শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে যুক্তরাষ্ট্রে আরও কনসার্ট করার আভাস দিয়েছিলেন অপূর্ব। জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের ১২টি শহর থেকে এরই মধ্যে কনসার্টের প্রস্তাব এসেছে তাঁর কাছে। তবে এ নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চান না তিনি। পর্যাপ্ত সময় নিয়ে, পুরোপুরি প্রস্তুত হয়ে কনসার্টের পরিকল্পনা নিয়ে এগোতে চান। সেই ধারাবাহিকতায় এবার ফ্লোরিডায় গাইবেন অপূর্ব।

আগামী ডিসেম্বরে ফ্লোরিডার টাম্পা শহরে আয়োজিত ‘সপ্তম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট’-এ গাইবেন তিনি। দুই দিনব্যাপী এই উৎসবের দ্বিতীয় দিন, অর্থাৎ ১৩ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে অপূর্বর কনসার্ট। নতুন এই সংগীতায়োজন নিয়ে এক ভিডিও বার্তায় অপূর্ব বলেন, ‘নিউইয়র্কের পর এবার গান শোনাতে আসছি ফ্লোরিডায়। গান আর গল্প নিয়ে দেখা হবে সবার সঙ্গে।’

একসময় সারা বছর লাইট-ক্যামেরা-অ্যাকশনে ব্যস্ত থাকা অপূর্বর এখন বছরের বেশির ভাগ সময় কাটে যুক্তরাষ্ট্রে। তাই প্রবাসে থাকার সময়ে গানের শো নিয়ে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছেন তিনি। শুধু যুক্তরাষ্ট্রে নয়, দেশেও কনসার্ট করার ইচ্ছা রয়েছে তাঁর। গত আগস্টে দেশে ফিরে এমনটি জানিয়েছিলেন অপূর্ব।

এদিকে অক্টোবরের শুরুতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে দেশে অর্ধডজনের বেশি নাটকের শুটিং করেছেন অপূর্ব। নাটকের পাশাপাশি একাধিক সিনেমা নিয়েও কথা চলছে বলে জানিয়েছেন এই তারকা। সবকিছু ঠিক থাকলে শিগগির নতুন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা