November 7, 2026, 5:25 pm

আর্জেন্টিনায় ফেরা হচ্ছে না মেসির

Reporter Name

শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজে ফেরার গুঞ্জন উঠলেও আপাতত আর্জেন্টিনায় ফিরছেন না লিওনেল মেসি। ইন্টার মায়ামিতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন ইতিহাসের সেরা ফুটবলারদের একজন। যুক্তরাষ্ট্রের ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ পূর্ণ করাই এখন তাঁর লক্ষ্য।

ইউরোপিয়ান ফুটবলের দলবদল বিশেষজ্ঞ এবং ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো শুক্রবার জানিয়েছেন, মায়ামি ছাড়ার কোনো পরিকল্পনা নেই মেসির। নিউয়েলস ওল্ড বয়েজে ধারে ফেরার বিষয়েও আলোচনা চলছে না। সাম্প্রতিক সময়ে মেসির আর্জেন্টিনায় ফেরার সম্ভাবনা নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলেও সেই গুঞ্জন আপাতত শেষ হয়েছে।

রোমানোর তথ্য অনুযায়ী, মেসি ও তাঁর পরিবার মায়ামিতে বেশ ভালো আছেন। বর্তমান চুক্তির মেয়াদ শেষ করাই তাঁর প্রধান লক্ষ্য। ২০২৮ সালের পরও যুক্তরাষ্ট্রে থাকার সম্ভাবনা রয়েছে মেসির। তবে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে এখনই কোনো আলোচনা করতে চান না তিনি।

২০২৫ সালের অক্টোবরে মেসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয় ইন্টার মায়ামি। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৮ সালের এমএলএস মৌসুমের শেষ পর্যন্ত ক্লাবটিতে থাকবেন আর্জেন্টাইন মহাতারকা।

২০২৩ সালের গ্রীষ্মে পিএসজি ছেড়ে মায়ামিতে যোগ দেন মেসি। তাঁর আগমনে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ফুটবল লিগের প্রতি আগ্রহ বাড়ে। ক্লাবটির হয়ে প্রথম মৌসুমেই লিগস কাপ জেতেন তিনি। এরপর ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ডও জেতে মায়ামি। দুটি শিরোপাই ক্লাবটির ইতিহাসে প্রথম।

মেসির আর্জেন্টিনায় ফেরার গুঞ্জনের পেছনে রয়েছে নিউয়েলস ওল্ড বয়েজের সঙ্গে তাঁর শৈশবের সম্পর্ক। মাত্র সাত বছর বয়সে রোজারিওর ক্লাবটির একাডেমিতে যোগ দিয়েছিলেন এই ফরোয়ার্ড। ১৩ বছর বয়সে বার্সেলোনার একাডেমিতে যোগ দিতে আর্জেন্টিনা ছাড়েন। তবে শৈশবের ক্লাবে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা থাকলেও আপাতত মায়ামিতেই নিজের ভবিষ্যৎ গড়তে চান বিশ্বকাপজয়ী এই ফুটবলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা