
সিলেট রেঞ্জ ডিআইজি কর্তৃক সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মনোনীত হয়েছেন দিরাই থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক গতিশীলতা নিশ্চিতকরণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননায় ভূষিত করা হয়।
এই অর্জন উপলক্ষে মহান আল্লাহ তাআলার প্রতি অশেষ শুকরিয়া জ্ঞাপন করে দিরাই থানার ওসি বলেন, দিরাই থানার দায়িত্ব পালনকালে এই সম্মান অর্জন আমার জন্য অত্যন্ত গৌরবের। এই স্বীকৃতি কেবল আমার ব্যক্তিগত অর্জন নয় এটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঠিক দিকনির্দেশনা, দিরাই থানার প্রতিটি সহকর্মীর আন্তরিক প্রচেষ্টা এবং সর্বোপরি দিরাইবাসীর আস্থা, সহযোগিতা ও ভালোবাসার সম্মিলিত ফল।
তিনি সিলেট রেঞ্জের রেঞ্জ ডিআইজি, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এবং বাংলাদেশ পুলিশ পরিবারের সকল সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের আস্থা ও অনুপ্রেরণা তাঁর কাজের গতি ও দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও বলেন, এই স্বীকৃতি আমার অর্পিত দায়িত্বকে আরও বাড়িয়ে দিল। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধকে ধারণ করে আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।
অর্জিত এই ধারাবাহিকতা বজায় রাখতে তিনি দিরাই উপজেলাবাসীসহ সর্বস্তরের মানুষের আন্তরিক দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।