
সিলেট নগরীর নবাব রোড, মেডিকেল এলাকা, কাজল শাহ, শামীমাবাদ ও রাগীবাড়ীসহ কয়েকটি এলাকাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে স্থানীয় যুবদল নেতা নাবিন চৌধুরী দাবি করেন, এসব এলাকায় জাতীয়তাবাদী ছাত্র ও যুব নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে এবং প্রশাসনের আরও নজরদারি প্রয়োজন।নিজের ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, “নবাব রোড, মেডিকেল, কাজল শাহ, শামীমাবাদ, রাগীবাড়ী এদিকে প্রশাসনসহ আমাদের জাতীয়তাবাদী ভাইদের একটু নজর দেওয়া উচিত।
সব ছাত্রলীগ-যুবলীগের নিরাপদ আশ্রয়স্থল এদিকে।”পোস্টে আরও দাবি করা হয়, সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনার মাধ্যমে এসব এলাকায় রাজনৈতিকভাবে বিতর্কিত ব্যক্তিদের অবস্থান ও চলাচলের বিষয়টি আবারও সামনে এসেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যেও নানা আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ছড়িয়ে পড়ার পর অনেকেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ দাবি করছেন, রাজনৈতিক পটপরিবর্তনের পরও বিভিন্ন এলাকায় পূর্বের রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের উপস্থিতি ও প্রভাব নিয়ে জনমনে সংশয় রয়ে গেছে। তবে এ বিষয়ে প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল বলছেন, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে কোনো ব্যক্তি যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হয়ে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে উত্থাপিত অভিযোগগুলোরও যথাযথ অনুসন্ধান প্রয়োজন বলে তারা মনে করেন।