ঈদুল আযহা উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে আসা গরু ব্যবসায়ীদের পথে কেউ চাঁদা দাবি করেছে কি না, তা খতিয়ে দেখতে মাঠে নেমেছে র্যাব-৯, সিলেট।
র্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়, ঈদকে সামনে রেখে সিলেটে গরু বাজারের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ব্যবসায়ীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করতে বিশেষ নজরদারি শুরু হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের প্রবেশপথ, আঞ্চলিক মহাসড়ক ও গরুবাহী ট্রাক চলাচলের রুটগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
র্যাবের গোয়েন্দা দল ইতোমধ্যে বিভিন্ন এলাকায় কাজ শুরু করেছে। ব্যবসায়ীদের কাছ থেকে অভিযোগ সংগ্রহ করে অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। পাশাপাশি চাঁদাবাজ চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
র্যাব-৯ এর এক কর্মকর্তা বলেন, “ঈদের সময় কেউ যাতে হয়রানি বা চাঁদাবাজির শিকার না হয়, সে জন্য র্যাবের টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। চাঁদাবাজির সঙ্গে জড়িত যেই হোক, কাউকে ছাড় দেয়া হবে না।”
এদিকে র্যাবের পক্ষ থেকে গরু ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, পথে কোনো ধরনের চাঁদা দাবি বা হয়রানির শিকার হলে দ্রুত র্যাব-৯ এর কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য।
ঈদুল আযহাকে সামনে রেখে সিলেটে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে র্যাবের পাশাপাশি জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশও সমন্বিতভাবে কাজ করছে বলে জানা গেছে।