বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদ্য ঘোষিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদনক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। এতে সিলেটের কৃতী সন্তান মকসুদ আহমেদকে সহ-সাধারণ সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
মকসুদ আহমেদের এই পদোন্ননিতে সিলেট জেলা ও মহানগর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মাঝে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় ভাসছেন তিনি।
সিলেট জেলা যুবদলের নেতা ও কর্মীরা বলেন, মকসুদ ভাই দীর্ঘদিন ধরে তৃণমূলের নেতাকর্মীদের সাথে থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন। তার এই অর্জন সিলেটের যুবসমাজের জন্য গর্বের। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে যুবদল আরও শক্তিশালী হবে।
মকসুদ আহমেদ দীর্ঘদিন ধরে বিএনপি ও যুবদলের রাজনীতির সাথে জড়িত। ছাত্রজীবন থেকেই আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে তিনি সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও জনপ্রিয়তার কারণে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত তার গ্রহণযোগ্যতা রয়েছে।
দায়িত্ব পাওয়ার পর মকসুদ আহমেদ বলেন দেশের এই ক্রান্তিলগ্নে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণের কাতারে থেকে কাজ করার শপথ নিয়েছি। সিলেটের তৃণমূল নেতাকর্মীদের ভালোবাসা ও দোয়া নিয়ে কেন্দ্রীয় দায়িত্ব পালন করব। শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সামনের কাতারে পূর্বেও ছিলাম এখনো থাকব।
মকসুদ আহমেদের এই অর্জনে সিলেটবাসী গর্বিত। যুবদলের নতুন কমিটি তৃণমূলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করায় দলের তৃণমূল নেতাকর্মীদের মনোবল বেড়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।